যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর সিলেট জেলা পর্যায়ের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন সিলেটের স্প্রিংফিল্ড স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী মুহতাসিম ফুয়াদ। জেলা পর্যায়ে বালক দ্বৈত বিভাগে চ্যাম্পিয়ন এবং পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে একক বিভাগে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেন তিনি।
গত ২ মে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার বাইরে প্রথমবারের মতো সিলেটে এ কর্মসূচির উদ্বোধন করেন। ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টসহ মোট ৮টি ইভেন্টে উপজেলা পর্যায় থেকে আগত খেলোয়াড়রা অংশগ্রহণ করেন।
১৪ মে বালক দ্বৈত ফাইনালে মুহতাসিম ফুয়াদ ও তার সঙ্গী মাইবাম আয়ুষ (ক্লাসিক স্কুল অ্যান্ড কলেজ) মিলিত জুটি ওসমানীনগরের আয়ান আহনাফ মাহিন ও মিনহাজ আহমদ মুহছিনের দলকে উভয় সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। পরবর্তীতে ২২ মে বিভাগীয় পর্যায়ে একক বিভাগে ফুয়াদ রানার্স আপ হওয়ার কৃতিত্ব অর্জন করেন।
ব্রিটিশ কাউন্সিলের সহযোগী প্রতিষ্ঠান এবং অক্সফোর্ড-একিউএ (OxfordAQA) পরিচালিত আন্তর্জাতিক ইংলিশ ন্যাশনাল কারিকুলামের সিলেটের সর্বপ্রথম ও একমাত্র প্রতিষ্ঠান স্প্রিংফিল্ড স্কুলের শিক্ষার্থী হিসেবে মুহতাসিম ফুয়াদের এ অর্জন বিশেষ তাৎপর্য বহন করে। তিনি জানান, আন্তর্জাতিক কারিকুলামের শিক্ষার্থী হওয়ায় এর আগে স্কুল লীগের মতো কর্মসূচিগুলোতে অংশ নিতে পারতেন না। নতুন কুঁড়ি স্পোর্টসের মতো একটি গুরুত্বপূর্ণ আসরে অংশগ্রহণ করতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করেন এবং বাংলাদেশ সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, স্প্রিংফিল্ড স্কুল দ্য ডিউক অফ এডিনবরা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড বাংলাদেশের একটি স্বীকৃত প্রতিষ্ঠান। মুহতাসিম ফুয়াদ এ স্কুলের একজন শিক্ষার্থী হিসেবে ব্যাডমিন্টন খেলাকে ডিউক অফ এডিনবরা অ্যাওয়ার্ডের অংশ হিসেবে বেছে নিয়েছেন এবং সেই লক্ষ্যে অনুশীলন করছেন, যা তিনি তার ১৪ বছর পূর্ণ হবার পর আনুষ্ঠানিক ভাবে শুরু করবেন। ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত ডিউক অফ এডিনবরা অ্যাওয়ার্ড বর্তমানে বিশ্বের ১৩০টিরও বেশি দেশে পরিচালিত একটি আন্তর্জাতিক অ-প্রাতিষ্ঠানিক শিক্ষা কর্মসূচি, যা ১৪ থেকে ২৪ বছর বয়সী তরুণদের সামগ্রিক বিকাশে সহায়তা করে।
মুহতাসিম ফুয়াদের বাবা অজি মোহাম্মদ কাউছার সরকারের প্রশংসা করে বলেন, “নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে জাতীয় মাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক কারিকুলামের শিক্ষার্থীরাও তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পারছেন এবং দেশের জাতীয় স্বার্থে কাজ করতে আরও বেশি উদ্বুদ্ধ হচ্ছেন।” তিনি আরও উল্লেখ করেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এবং অনলাইনে অহেতুক সময় অতিবাহিত করা থেকে বিরত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
স্প্রিংফিল্ড স্কুলের প্রিন্সিপাল ড মুহাম্মদ রহমান এই অসামান্য অবদানের জন্য মুহতাসিম ফুয়াদের প্রশংসা করেন এবং তাকে স্বাগত জানান। আন্তর্জাতিক কারিকুলামের শিক্ষার্থীরাও যাতে সবকিছুতে অংশ নিতে পারে এজন্য তিনি ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করেন।
আশির দশকে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি’র আদলে ক্রীড়াক্ষেত্রে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালু করার জন্য ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন আয়ান আহনাফ মাহিনের বাবা মোহাম্মদ লায়েক আহমদ প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়ে বলেন, “এই প্রতিযোগিতা স্থানীয় খেলোয়াড়দের জন্য একটি বড় প্ল্যাটফর্ম।” তিনি তৃণমূল থেকে মেধা অন্বেষণ ও সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশে খেলোয়াড়দের প্রশিক্ষণের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধির কথা বলেন।
বালক একক ফাইনালে ওসমানীনগর উপজেলার তাজপুর মঙ্গলচন্ডী নিশীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আয়ান আহনাফ মাহিন চ্যাম্পিয়ন হন। বালিকা এককে সিলেট বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন সুনামগঞ্জের উদীয়মান শাটলার স্পর্শিতা তালুকদার।
শুরমা ফারর খবর ছিলটি জবানে ছিলটর খবর
