বার্মিংহাম তথা মিডল্যান্ডসে কর্মরত মূলধারার বাংলা প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার পেশাদার সংবাদকর্মীদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডস-এর কার্যকরী পরিষদ (২০২৬-২০২৭) গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জিয়া উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান এবং কোষাধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা লিমন।
গত ১৯ এপ্রিল রোববার অনুষ্ঠিত সংগঠনের দ্বি-বার্ষিক নির্বাচনে নতুন এ কার্যকরী পরিষদ গঠন করা হয়। সভাপতি ও কোষাধ্যক্ষ পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে সাধারণ সম্পাদক পদে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওবায়দুল কবীর খোকনকে বিপুল ভোটে পরাজিত করে মোহাম্মদ আতিকুর রহমান নির্বাচিত হন।
নবনির্বাচিত কার্যকরী পরিষদের পূর্ণাঙ্গ তালিকা খুব শিগগিরই সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ যৌথভাবে প্রকাশ করবেন বলে জানানো হয়েছে।
এর আগে ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের আহ্বায়ক মোহাম্মদ মারুফ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আশরাফুল ওয়াহিদ দুলাল। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা কবীর উদ্দিন ও ছড়াকার-সাংবাদিক শফিকুর রহমান শাহজাহান। এছাড়া আহ্বায়ক কমিটির সদস্য সুহেল আহমদ চৌধুরী ও সৈয়দ নাদির আহমদ সভায় উপস্থিত ছিলেন।
সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের ঐতিহ্য, পেশাদার সাংবাদিকদের প্রতিনিধিত্ব, মানোন্নয়ন এবং মর্যাদা সমুন্নত রাখতে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় জানান।
শুরমা ফারর খবর ছিলটি জবানে ছিলটর খবর
