সিলেটে চার বছরের শিশু ফাহিমা আক্তার হত্যা মামলায় জাকির গ্রেপ্তার, বিক্ষোভে উত্তাল এলাকা।
সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামে চার বছরের শিশু ফাহিমা আক্তার হত্যা ঘটনায় জাকির হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া জাকির নিহত শিশুটির প্রতিবেশী এবং সম্পর্কে চাচা বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
সোমবার রাতে জালালাবাদ থানা পুলিশ সোনাতলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। জাকিরকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী জালালাবাদ থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। পরে মধ্যরাতে বিক্ষুব্ধ জনতা জাকিরের বাড়িতে হামলা চালায়।
স্থানীয় সূত্র জানায়, বাড়িতে কেউ না থাকার সুযোগে ফাহিমাকে যৌন নির্যাতনের পর হত্যা করা হয়। পরে জাকির তার স্ত্রীর ওড়না দিয়ে শিশুটির মরদেহ পেঁচিয়ে একটি ব্যাগে ভরে বাদাঘাট এলাকার একটি ডোবায় ফেলে দেন বলে অভিযোগ উঠেছে।
গত শুক্রবার ওই ডোবা থেকে ফাহিমার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ফাহিমা আক্তার সোনাতলা গ্রামের দিনমজুর রাইসুল হকের মেয়ে। রাইসুল হক স্থানীয় বাজারের একটি দোকানে শ্রমিক হিসেবে কাজ করেন। অন্যদিকে গ্রেপ্তার হওয়া জাকির একই এলাকার মৃত তোতা মিয়ার ছেলে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, “জাকিরকে থানা হাজতে রাখা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে থানার বাইরে এলাকাবাসী বিক্ষোভ করছেন।”
পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
শুরমা ফারর খবর ছিলটি জবানে ছিলটর খবর