চীনা বিনিয়োগে সিলেটে ১ হাজার শয্যার একটি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত এ প্রকল্পের জন্য উপযুক্ত স্থান নির্বাচন ও সম্ভাব্যতা যাচাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে।
হাসপাতাল নির্মাণ কার্যক্রম এগিয়ে নিতে মঙ্গলবার সিলেট সফরে আসেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তাঁর নির্বাচনী এলাকা সিলেট-৪ আসনের অন্তর্ভুক্ত জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় হাসপাতালটি স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। বুধবার মন্ত্রীকে সঙ্গে নিয়ে একটি প্রতিনিধি দল কোম্পানীগঞ্জ উপজেলার হাইটেক পার্ক এলাকা পরিদর্শন করে।
প্রস্তাবিত হাসপাতাল নির্মাণের উপযুক্ত স্থান নির্ধারণ এবং প্রকল্পের বাস্তবায়ন সম্ভাবনা যাচাইয়ের অংশ হিসেবে এ পরিদর্শন করা হয়। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৯টায় সিলেট সার্কিট হাউসে চীনা বিনিয়োগকারীদের সঙ্গে হাসপাতাল নির্মাণের সম্ভাবনা, বিনিয়োগ পরিকল্পনা এবং স্থান নির্বাচন বিষয়ে প্রাথমিক বৈঠক করেন মন্ত্রী।
পরিদর্শনকালে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন চন্দ্র কর্মকার এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের মতে, এই হাসপাতাল বাস্তবায়িত হলে সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবায় বড় ধরনের পরিবর্তন আসবে। উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত হওয়ার পাশাপাশি দেশের উত্তর-পূর্বাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বাস্থ্যসেবা সংকটও অনেকাংশে লাঘব হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, বুধবার বিকাল ৩টায় প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেট ডায়াবেটিক হাসপাতালের এক সভায় অংশ নেন। পরদিন বৃহস্পতিবার বিকালে বিমানে ঢাকার উদ্দেশে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা রয়েছে তাঁর।
শুরমা ফারর খবর ছিলটি জবানে ছিলটর খবর
