Breaking News
Home / শামনর ফাত্তা / পাওনা টাকা নিয়ে ফেসবুকে দীর্ঘ পোস্ট, দুই ঘণ্টা পর ব্যবসায়ীর আত্মহত্যা

পাওনা টাকা নিয়ে ফেসবুকে দীর্ঘ পোস্ট, দুই ঘণ্টা পর ব্যবসায়ীর আত্মহত্যা

পাওনা টাকা নিয়ে ফেসবুকে দীর্ঘ পোস্ট, দুই ঘণ্টা পর ব্যবসায়ীর আত্মহত্যা

আবুল হাসনাত

কুতুব উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি:
পাওনা টাকা ফেরত না পাওয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দীর্ঘ একটি পোস্ট দেওয়ার প্রায় দুই ঘণ্টা পর আবুল হাসনাত নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। মৃত্যুর আগে দেওয়া ওই পোস্টে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির কাছে পাওনা টাকা আদায় করতে না পারা, প্রতারণার শিকার হওয়া এবং এ কারণে চরম মানসিক ও আর্থিক সংকটে পড়ার কথা উল্লেখ করেন।

ফেসবুক পোস্টে আবুল হাসনাত দাবি করেন, তিনি ট্রাভেলস ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ব্যবসায়িক লেনদেনের সূত্রে সিদ্দিক আহমেদ ও তার সৌদি আরব প্রবাসী বোনজামাই আব্দুল কদ্দুসের কাছে তার ৫ লাখ ৩৩ হাজার টাকা পাওনা রয়েছে। তার দাবি, একপর্যায়ে একটি ভিসাসহ পাসপোর্ট আটকে রাখার পর সিদ্দিক আহমেদ তার অফিসে এসে এক মাসের মধ্যে পুরো টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে পাসপোর্ট নিয়ে যান। তবে চার বছর পার হলেও তিনি টাকা পাননি বলে পোস্টে উল্লেখ করেন।

আবুল হাসনাত আরও দাবি করেন, প্রায় এক বছর আগে মধ্যস্থতার মাধ্যমে সিদ্দিক আহমেদের সঙ্গে তার দেখা হয় এবং সেখানে সিদ্দিক তার কাছে টাকা পাওনা থাকার বিষয়টি স্বীকার করে দ্রুত টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে যোগাযোগ করেও তিনি আর সাড়া পাননি বলে অভিযোগ করেন।

পোস্টের দ্বিতীয় অংশে কাওসারুজ্জামান তালুকদার নামে আরেক ব্যক্তির কাছে ১৪ লাখ টাকা পাওনা থাকার দাবি করেন আবুল হাসনাত। তার ভাষ্য অনুযায়ী, ইতালি ওয়ার্ক পারমিটের প্রসেসিং এবং সৌদি আরবের ভিসা প্রসেসিংসহ বিভিন্ন কাজের জন্য তিনি ওই টাকা দিয়েছিলেন। তবে কাজ সম্পন্ন না হওয়ায় টাকা ফেরত পাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বলে তিনি দাবি করেন।

আবুল হাসনাতের দাবি, কাওসারুজ্জামান দীর্ঘদিন তার ফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ বন্ধ রেখেছেন। পরে নতুন ফেসবুক আইডির মাধ্যমে যোগাযোগ করা হলে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে কয়েকবার ভয়েস মেসেজ পাঠানো হয়। গত রমজানের ঈদে তিনি মাত্র ২০ হাজার টাকা ফেরত পেয়েছেন বলেও পোস্টে উল্লেখ করেন।

পাওনা টাকা উদ্ধারে কাওসারুজ্জামানের ঘনিষ্ঠ ইব্রাহিম নামে এক ব্যক্তি মধ্যস্থতার চেষ্টা করেছিলেন বলেও পোস্টে উল্লেখ করেন আবুল হাসনাত। এছাড়া তিনি জানান, তার কাছে আরও অনেকের টাকা পাওনা রয়েছে এবং এসব ব্যক্তির নাম তার মোবাইলের ‘Cash Book’ অ্যাপে সংরক্ষিত আছে।

পোস্টের শেষদিকে আবুল হাসনাত নিজের চরম আর্থিক ও মানসিক সংকটের কথা উল্লেখ করেন। তিনি লেখেন, তার পাওনা টাকা আদায় না হওয়ায় তিনি ‘চতুর্মুখী সমস্যায়’ জর্জরিত এবং তার কোনো ক্ষতি হলে সংশ্লিষ্ট ব্যক্তিরা দায়ী থাকবেন।

ফেসবুকে ওই পোস্ট দেওয়ার আনুমানিক দুই ঘণ্টা পর আবুল হাসনাত আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

তবে তার পোস্টে উল্লিখিত আর্থিক লেনদেন, পাওনা টাকার পরিমাণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে করা অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্যও জানা যায়নি।

ঘটনাটি নিয়ে এলাকায় শোকের পাশাপাশি নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। মৃত্যুর আগে দেওয়া আবুল হাসনাতের ওই পোস্টকে কেন্দ্র করে তার দাবি করা আর্থিক লেনদেন ও অভিযোগগুলো তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি উঠেছে।

ফেইসবুক পোস্ট লিং

https://www.facebook.com/share/p/1bvmqzySJG/

About adminbangla

Check Also

ব্রিটিশ আমলের চুনাপাথর ব্যবসা:আসিফ আযহার

১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে বাঙলার পতনের পর ইংরেজরা এই অঞ্চলকে তিনটি কাউন্সিলে ভাগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *