
সারাদেশের মতো শ্রীমঙ্গলেও শীতের তীব্রতা বেড়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর ৬টায় শ্রীমঙ্গল উপজেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে এ অঞ্চলের সর্বনিম্ন।
হিমেল হাওয়ার দাপটে ভোরের আগেই নিস্তব্ধ হয়ে পড়ে চায়ের রাজধানীখ্যাত এই পর্যটন নগরী। ভৌগলিক অবস্থানের কারণে শ্রীমঙ্গলে শীতের প্রকোপ তুলনামূলক বেশি। রাতে দ্রুত তাপ বিকিরণের ফলে সূর্যাস্তের পরপরই তাপমাত্রা দ্রুত নেমে যায়। দিনের বেলাতেও ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে খুব কম। গত এক সপ্তাহ ধরে সকাল পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে রাস্তা-ঘাট, এতে ব্যাহত হচ্ছে যান চলাচল।
চা বাগানের বিস্তীর্ণ খোলা ভূমি ও গাছের ফাঁক দিয়ে শীতল বাতাস অবাধে প্রবাহিত হওয়ায় শীতের কামড় আরও তীব্রভাবে অনুভূত হচ্ছে। এই শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ, চা শ্রমিক, পথশিশু ও দরিদ্র জনগোষ্ঠী। কনকনে ঠান্ডা থেকে বাঁচতে অনেককে আগুন জ্বালিয়ে কিংবা পাতলা কাপড় গায়ে জড়িয়ে রাত কাটাতে দেখা যাচ্ছে। শীতবস্ত্রের অভাবে ঠান্ডাজনিত নানা অসুখের ঝুঁকিও দিন দিন বাড়ছে।
শুরমা ফারর খবর ছিলটি জবানে ছিলটর খবর